ময়মনসিংহ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কগুলোতে যাত্রীসাধারণের জীবন রক্ষার্থে ইঞ্জিনচালিত সব ধরনের তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তিন চাকার যান চালকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনস্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য। তাদের আন্দোলনের কাছে নতি স্বীকার নয়। প্রয়োজনে মহাসড়কগুলোতে অতিরিক্ত লেন নির্মাণ করে তিন চাকার যান চলাচলের ব্যবস্থা করা হবে।
শনিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের নির্মাণকাজ পরিদর্শনকালে ভালুকায় সাংবাদিকদের কাছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, জনস্বার্থে সরকারের নেওয়া সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার জনস্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে মহাসড়কগুলোতে দুর্ঘটনা অনেক কমে গেছে।
এ সময় চার লেন প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, ময়মনসিংহের তত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সাহাব উদ্দিন খান, ভালুকা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ ও গাজীপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 Comment to "জনস্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য : সেতুমন্ত্রী"
Post a Comment