Saturday, 8 August 2015

শেখ রাসেলের কষ্টের জয়

প্রিমিয়ার লিগে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ফেনী সকারকে ৪-৩ গোলেহারিয়েছে তারা।
প্রথম পর্বে ফেনী সকারকে ২-১ গোলে হারিয়েছিল শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় পর্বের ম্যাচে শেখ রাসেলের মিথুন, পল, জাহিদ হাসান এমিলি ও কিংসলে চিগোজি একটি করে গোল করেন। ফেনী সকারের গোলদাতা সোহেল, আলি ও মামুন।
দশম মিনিটে সোহেলের গোলে এগিয়ে যায় ফেনী সকার। চৌদ্দ মিনিট পর শেখ রাসেলকে সমতায় ফেরান মিথুন। সমতায় শেষ হয় দুই দলের প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে পল ও এমিলি দুই গোল করে শেখ রাসেলকে ফের এগিয়ে দেন। কিন্তু ফেনী সকারের আলি ৫৮তম মিনিটে ও মামুন ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করলে ৩-৩ স্কোরলাইন হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে শেখ রাসেলের তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত করে দেন কিংসলে।
লিগে এটি শেখ রাসেলের দ্বাদশ জয়। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ফেনী সকার।
এরই মধ্যে ২০১৪-১৫ মৌসুমের লিগ শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

Share this

0 Comment to "শেখ রাসেলের কষ্টের জয়"

Post a Comment