Saturday, 8 August 2015

ব্লগার হত্যাকাণ্ড সরকারের রাজনৈতিক চাল: মাহবুব

একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
তার দাবি, বাংলাদেশে জঙ্গি রয়েছে বলে বহির্বিশ্বের কাছে তুলে ধরতেই আওয়ামী লীগ এসব হত্যাকাণ্ডে মদদ দিচ্ছে।
এই বছর অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের পর শুক্রবার ঢাকায় নিজের ঘরে হত্যাকাণ্ডের শিকার হন ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আল কায়দার নামে বিবৃতি এসেছে।
নিলয় হত্যাকাণ্ডের এক দিন বাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে আগের ঘটনার খুনিরা ধরা না পড়ার তথ্য তুলে ধরে ‘ষড়যন্ত্রের’ কথা বলেন আইনজীবী নেতা মাহবুব। 
তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে, এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। তারা (সরকার) সারা পৃথিবীতে দেখাতে চাচ্ছে- বাংলাদেশ মৌলবাদী গোষ্ঠী আছে, তাদের নির্মূল করার জন্য এই সরকারের প্রয়োজন।
“আমি বিশ্বাস করি, সরকারের এটাও একটা রাজনৈতিক চাল, এই যে নিলয়কে হত্যা করা হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড চলছে, আজও একটি হত্যাকাণ্ডের বিচারও হল না, কারণ উদ্ঘাটনও হল না। এর অর্থ এই সরকার হত্যাকারীদের মদদ দিচ্ছে।”
ব্লগার হত্যাকাণ্ডের জন্য জঙ্গিদের দায়ী করে তাদের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের পাল্টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুবের এই বক্তব্য এল। 

তিনি বলেন,  “বর্তমান সরকারের স্লোগান হল-  বাংলাদেশ সন্ত্রাসী দেশ, সন্ত্রাস, জঙ্গিসংগঠন ও মৌলবাদী মুক্ত করার জন্য তারাই একমাত্র হাতিয়ার, আসুন আমাকে সাহায্য করুন।
“আজ নিলয় হত্যার মধ্য দিয়ে তারা সারা পৃথিবীকে দেখাতে চাচ্ছে বাংলাদেশ মৌলবাদীর দেশ হয়ে গেছে।”
যুব জাগপা আয়োজিত ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সমাজের করণীয়’ শীর্ষক ওই সভায় ব্লগার নিলয়ের জন্য শোক জানানো হয়।
খন্দকার মাহবুব বলেন, “বিশ্ববাসীর কাছে সরকারের মুখোশ আজ উন্মোচন হয়ে গেছে। আজ বাংলাদেশে মৌলবাদী ও জঙ্গিবাদের সমস্যা নয়, সমস্যা একটি রাজনৈতিক সমস্যা, নির্বাচনের সমস্যা।’’
সরকারের ‘পায়ের নিচে মাটি নেই’ মন্তব্য করে তিনি বলেন, “যে কোনো মুহূর্তে গণজাগরণে তাদের পতন ঘটবে।”
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় নেতা আসাদুর রহমান খান আসাদও সভায় বক্তব্য রাখেন।

Share this

0 Comment to "ব্লগার হত্যাকাণ্ড সরকারের রাজনৈতিক চাল: মাহবুব"

Post a Comment