Saturday, 8 August 2015

যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালীতে মিলন সরকার (৩৫) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মুহুরীগঞ্জ বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মিলন সরকারের বাড়ি উত্তর দেওটি গ্রামে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলামের ভাষ্য, তিনি দেওটি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। তবে কারা কী কারণে মিলনকে খুন করেছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাত দেড়টার দিকে ১০-১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় তিনি বাড়ি থেকে কিছুটা দূরে ছিলেন। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে মিলন মারা যান।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত মিলন সরকার ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জয়দেব কুমার চৌধুরী বলেন, মিলন সরকারের লাশ উদ্ধার করে ভোর রাতে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মিলনের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Share this

0 Comment to "যুবলীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা"

Post a Comment