Saturday, 8 August 2015

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম চলাচল বন্ধ

কুমিল্লায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম পথে রেল চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সদর উপজেলার বানাশোয়া এলাকায় মালবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
লাইনচ্যুত ট্রেনটি তুলতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কুমিল্লা রেলের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ।
চারটি বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথ সচল করতে কয়েক ঘণ্টা লাগতে পারে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা-চট্টগ্রামের পাশাপাশি ঢাকা-নোয়াখালী, চট্টগ্রাম-সিলেট রুটেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর প্রভাতি ট্রেনটি আটকা পড়েছে কুমিল্লা রেল স্টেশনে। লাকসাম স্টেশনে আটকে আছে চট্গ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং লালমাই স্টেশনে আটকা পড়েছে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস।
মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে দিনাজপুর যাচ্ছিল। সকালে কুমিল্লা রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যে এটি লাইনচ্যুত হয়।

Share this

0 Comment to "কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম চলাচল বন্ধ"

Post a Comment