Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Thursday, 13 August 2015

চীনে বিস্ফোরণস্থলে রাসায়নিক বিশেষজ্ঞ দল

চীনের তিয়ানজিন শহরের বিস্ফোরণস্থলে সামরিক বাহিনীর ২০০ সদস্যের একটি রাসায়নিক বিশেষজ্ঞদল পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত বুধবার রাতে তিয়ানজিন বন্দরের কাছে একটি রাসায়নিকের গুদামে পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত ৫০ জনে। আর আহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে যায়।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ওই এলাকার বাতাসে তীক্ষ্ণ গন্ধ পাওয়া যাচ্ছে এবং সেখানকার মানুষেরও চোখে সমস্যা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। এদিকে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিনহুয়া জানাচ্ছে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রায় ৩০ ঘণ্টা পরও গুদাম থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরুচ্ছে। বিস্ফোরণস্থলের আগুন নিয়ন্ত্রণে আনতে, আহতদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা।

স্থানীয় হাসপাতালগুলোকেও শত শত আহত লোককে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সিয়াজোই হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অনেকের গায়ে ছোট ছোট কাঁচের টুকরো লেগে আছে; কারও হয়তো মাথায় আঘাত লেগেছে কারও হাত-পা ভেঙেছে। গুরুতর অবস্থায় রয়েছে ৭১ জন।

কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে তিয়ানজিন শহরের শিল্প এলাকায়- যেখানে গাড়ির কারখানা, বিমান সংযোজন কারখানা, বিভিন্ন ধরনের উৎপাদন শিল্প প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থার দপ্তর ছিল। গুদাম থেকে এখনও কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। কর্তৃপক্ষ বলছে 'বিস্ফোরকের একটি' চালান আসার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এদিকে চীনা সামরিক বাহিনীর একটি রাসায়নিক বিশেষজ্ঞ দলের প্রায় ২০০ জনেরও বেশি সদস্য পাঠানো হয়েছে বিস্ফোরণস্থলে। উদ্ধারকর্মীদের বলা হয়েছে তারা যেন শরীর সুরক্ষা কারার মতো পোশাক পরে কাজ করেন। রুইহাই লজিস্টিকস কম্পানির যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সেখানে সোডিয়াম সায়ানাইডের মত আরো অনেক বিষাক্ত রাসায়নিক আদান-প্রদান হয়।

চীনের পরিবেশ সুরক্ষা ব্যুরোর প্রধান ওয়েন উরুই এক সংবাদ সম্মেলনে বলেন, বিস্ফোরণের ঘটনার পর তিয়ানজিনের বাতাস এবং পানিতে দূষণের মাত্রা কতটা- তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি বলেন, "বেশিদিন ধরে বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এ মুহূর্তে জায়গাটিতে দূষণের মাত্রা সে পর্যায়ে পৌঁছায়নি।"

চীনা কমিউনিস্ট পার্টির পত্রিকা দ্য পিপলস ডেইলি বলছে, উদ্ধারকর্মীরা ওই জায়গায় মজুদ ৭০০ টন সোডিয়াম সায়ানাইড সরানোর চেষ্টা করছে।  রাসায়নিকটিকে বিষমুক্ত করতে হাইড্রোজেন প্রিঅক্সাইডও প্রস্তুত রাখা হয়েছে বলে পত্রিকাটি জানায়।

বিস্ফোরণের কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা

চীনের উত্তরাঞ্চলের বন্দরনগর তিয়ানজিনে বিস্ফোরণের ঘটনাস্থলে সেনাবাহিনীর রাসায়নিক বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। গত বুধবার রাতে তিয়ানজিনের বাণিজ্যিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়। আহত হয়েছে সাত শতাধিক মানুষ। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।
আজ বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বিস্ফোরণের পর সাড়ে তিন হাজার বাসিন্দা খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে নির্মিত আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন। তেদা হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ মাথায় ও হাতে আঘাত পেয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।
গতকাল বৃহস্পতিবার তিয়ানজিন স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, বাণিজ্যিক এলাকার ওই গুদামে রাসায়নিক দাহ্য পদার্থ ও গ্যাস মজুত করা হতো। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। কয়েক মুহূর্ত পরে আরও একটি বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
ভয়াবহ এই বিস্ফোরণের ফলে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনের দরজা-জানালা উড়ে যায়। এমনকি কয়েক কিলোমিটার দূরের বহুতল ভবন থেকেও এর প্রভাব টের পাওয়া যায়। মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ থেকে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ইন্টারনেটে পোস্ট করা ভিডিওচিত্রে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা আকাশের দিকে ছুটে ছুটে যাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, বড় বিস্ফোরণ দুটির পর আশপাশে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। এগুলো পারমাণবিক বোমার বিস্ফোরণ কি না, একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করেন। আতঙ্কিত অনেকে দিগ্বিদিক ছুটতে থাকেন। এ সময় বিস্ফোরণের ফলে উড়ে আসা কাচে অনেকে রক্তাক্ত হন।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী

বঙ্গবন্ধুর খুনিদের একজন এ এম রাশেদ চৌধুরীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। আরেক খুনি মোসলেম উদ্দিনও যুক্তরাষ্ট্রে আছেন। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েও পাননি। আর মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কারণে নুর চৌধুরীকে বাংলাদেশের কাছে ফেরত দেবে না কানাডা।
আত্মস্বীকৃত ছয় খুনির অপর তিনজন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও আবদুল মাজেদ কোথায় আছেন, তা সরকার জানে না। এ পরিস্থিতিতে পলাতক ছয় খুনিকে দেশে ফেরানোর আশা ক্রমেই ফিকে হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল বৃহস্পতিবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান তিনি। জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন রাশেদ চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক আশ্রয়ে থাকলেও আমরা রাশেদ চৌধুরীকে ফেরানোর জন্য আবেদন জানাতে পারি। রাজনৈতিক আশ্রয় বাতিলের দাবি জানাতে পারি। এ জন্য আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।’
আগে কেন আবেদন জানানো হয়নি, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘বিষয়টি আমরা আগে পরিষ্কারভাবে জানতাম না। তবে আগেও আবেদন জানানো হয়েছিল। সে উদ্যোগ সফল হয়নি বলে আমরা নতুন করে উদ্যোগী হয়েছি। মার্কিন রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ জন্য তিনি কিছু তথ্য চেয়েছেন। আমরা তাঁদের সেগুলো দেব।’
জানতে চাইলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আকরামুল কাদের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় লাভের বিষয়টি এই প্রথম শুনলাম। কারণ, রাষ্ট্রদূত থাকার সময় আমি তো বটেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো পর্যায়ের রাজনৈতিক আলোচনায় খুব স্বাভাবিকভাবেই রাশেদ চৌধুরীর প্রসঙ্গ আসত। তবে সব সময় দেশটি এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও রাশেদ চৌধুরীর ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি।’ তিনি বলেন, মার্কিন ইমিগ্রেশন আইন অনুযায়ী এ ধরনের কোনো মর্যাদা পাওয়ার বিষয়ে তথ্য জানাতে নিষেধ আছে।
ছয় খুনির দেশে ফেরা অনিশ্চিত হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল দাবি করেছেন, এ সরকারের মেয়াদেই অন্তত একজনকে দেশে ফিরিয়ে আনা হবে। তবে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরানো বিষয়ক টাস্কফোর্সের সভাপতি ও আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা জানান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাজনৈতিক আশ্রয় নিয়ে রাশেদ চৌধুরী এখন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থান করছেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের আরেকজন মোসলেম উদ্দিনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সর্বশেষ তিনি ভারতে ছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন তরেন, তা খারিজ হওয়ার পর তিনি সেখানে থাকার জন্য আইনি লড়াই চালাচ্ছেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে আছেন, তা জানা যায়নি।
নুর চৌধুরীসহ পালিয়ে থাকা অন্য খুনিদের দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়ে নুর চৌধুরীর আবেদনের বিষয়টির নিষ্পত্তি হয়নি। কানাডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে নিজের দেশে ফেরত পাঠানো হয় না। এরপরও ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে।
শাহরিয়ার আলম স্বীকার করেন, অন্য তিন খুনি শরিফুল হক ডালিম, আবদুর রশিদ ও আবদুল মাজেদের অবস্থানের ব্যাপারে সরকারের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

Wednesday, 12 August 2015

শুক্রবারই লন্ডনে আসছেন খালেদা, প্রতিহত করবে আওয়ামী লীগ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৪ আগস্ট শুক্রবারেই লন্ডনে আসছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য ইতিমধ্যেই ইস্ট লন্ডনের অভিজাত এলাকা ক্যানারী ওয়ার্ফের রেডিসন হোটেলে ১০ দিনের জন্য বুকিংসহ অন্যান্য সফরসূচির কাজ সম্পন্ন হয়েছে বলে যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন। তবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ এখনো কোন সফরসূচি হাতে আসেনি বলে জানান। যদিও তিনি এও জানিয়েছেন খালেদা জিয়ার আসার খবর মিথ্যা নয়। খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আসছেন বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়া দলীয় নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন মিটিং হবে বলে জানান তিনি।
এদিনে খালেদা জিয়া আসার পর ব্রিটেনের সরকার পর্যায়ে কোন বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে কয়সর এম আহমদ বলেন, সেটাতো কিছুটা হতেই পারে।
সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সফরসূচির পুরোটাই সর্বোচ্চ সতর্কতার সাথে পালনের নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এছাড়া সফরসূচি কোনভাবেই যেনো বাইরে না যায় সে ব্যাপারেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
তারেক রহমান নিজে এয়ারপোর্টে গিয়ে মা বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বলে নিশ্চিত হওয়া গেছে। খালেদা জিয়ার সফরের ১০ দিন তারেক রহমান সপরিবারে হোটেলেই অবস্থান করবেন বলেও সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, বেগম জিয়ার লন্ডন সফরকে যেকোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। পূর্ব লন্ডনের ব্রিকলেনে এক রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদের মদদদাতা বেগম খালেদা জিয়ার হাতে দেশের শতশত মানুষের রক্ত লেগে আছে। তাই বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে আমরা প্রতিহত করব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সভাপতি সুলতান শরীফ বলেন, গণতন্ত্র ও সিভিলাইজেশনের সুতিকাগার এই ব্রিটেন। আমাদের প্রতিবাদের ভাষা তাই অবশ্যই গণতান্ত্রিক হবে। এমন কিছু আমরা করব না, যাতে দেশের সুনাম বিনষ্ট হয়।
তিনি আরও বলেন, গণতান্ত্রিকভাবে ব্রিটেনে যতো ধরণের প্রতিবাদ জানানো যায় আমরা জানাব। শুধু আওয়ামী লীগ নয়, আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের হাজার হাজার প্রবাসী বাংলাদেশিও প্রতিবাদ জানাতে শরীক হবেন। তাই প্রতিবাদের ভাষার নিশ্চয়তা দেয়া যাবে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জালাল উদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, প্রচার সম্পাদক শাহ শামীম,আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অনুকুল তালুকদার ডাল্টন, ছাত্রলীগ সভাপতি তামিম আহমেদ।

গৃহহীনদের ছবি তুলে রাখছে নিউইয়র্ক পুলিশ

নিউইয়র্কের পুলিশ বাহিনীর ইউনিয়ন এর সদস্যদের সেখানকার গৃহহীন লোকজনের ছবি তুলতে উৎসাহিত করছে। তাদের ভাষায়, বিশাল এ নগরে ‘জীবনমান-সংশ্লিষ্ট অপরাধ’ বেড়ে যাওয়ার বিষয়ে মনোযোগ আকৃষ্ট করতেই ব্যতিক্রমী এই ব্যবস্থা। তবে সমালোচকদের মতে, এর মাধ্যমে নিউইয়র্কের দরিদ্র বাসিন্দাদের লজ্জা দেওয়া হচ্ছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগর নিউইয়র্কে বেশ কয়েক বছর হত্যাসহ অন্যান্য অপরাধের মাত্রা পড়তির দিকে ছিল। কিন্তু গত বছর থেকে তা বাড়তে শুরু করেছে। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গৃহহীন বাসিন্দার সংখ্যাও বেড়েছে। স্থানীয় কর্মকর্তাদের অনুমান, গত বছর নিউইয়র্কে এ ধরনের বাসিন্দার সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার। তার আগের বছর সংখ্যাটা ছিল কমবেশি ৬৭ হাজার।
পুলিশ ইউনিয়নের সদস্যরা এরই মধ্যে শহরের গৃহহীন বাসিন্দাদের ছবি তুলতে শুরু করেছেন। তাঁদের কাছ থেকে প্রথম পাওয়া ছবিগুলো দিয়ে ইউনিয়ন ইন্টারনেটে ছবি আদান-প্রদানের মাধ্যম ফ্লিকার-এ অ্যালবামও খুলেছে। ইউনিয়নের সদস্যদের উদ্দেশে এর প্রেসিডেন্ট এড মালিনসের লেখা একটি চিঠি নিউইয়র্ক পোস্টের হাতে এসেছে। এতে তিনি বলেছেন, ‘আপনারা নিউইয়র্ক শহরে ঘোরার সময় রাস্তাঘাটে শুয়ে থাকা গৃহহীন মানুষ, আগ্রাসী স্বভাবের ভিক্ষুক, প্রকাশ্যে মূত্র ত্যাগকারী বা মাদক সেবনকারী ব্যক্তি এবং জীবনমান-সংশ্লিষ্ট সব ধরনের অপরাধে সম্পৃক্ত ব্যক্তিদের ছবি তুলে রাখতে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন।

জিমি কার্টারের ক্যানসার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের ক্যানসার ধরা পড়েছে। তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়। 
কার্টার বলেছেন, সম্প্রতি যকৃতে অস্ত্রোপচার করে তাঁর ক্যানসার ধরা পড়ে। ওই ক্যানসার তাঁর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে। 
৯০ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট পিণ্ড অপসারণে চলতি মাসের শুরুর দিকে তাঁর যকৃতে অস্ত্রোপচার করেন। তাঁর ক্যানসারের বিষয়ে আগামী সপ্তাহে আরও তথ্য জানা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি। 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট কার্টারের দ্রুত ও পুরোপুরি সুস্থতা কামনা করেছেন।

চীনে বিস্ফোরণে নিহত ১৭

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনের একটি শিল্পাঞ্চলে গতকাল বুধবার দিবাগত রাতে বড় ধরনের দুটি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৪০০ জন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
দাহ্য পদার্থের কারণে এ বিস্ফোরণ ঘটে বলে চীনা কর্মকর্তারা জানান।

রোবটের আঘাতে শ্রমিকের মৃত্যু

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে রোবটের আঘাতে রামজি লাল (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এসকেএইচ মেটালস নামে ওই কারখানায় ভারী ধাতব পাত তোলার ও ওয়েল্ডিংয়ের কাজ করতেন রামজি লাল। একই কাজ করত ওই রোবটটিও। কারখানাটিতে ৬২ জন শ্রমিক ও ৩৯টি রোবট এই কাজ করত।
রোবটটি আগে থেকে ভারী পাত তোলার জন্য প্রোগ্রামিং করা ছিল। কাজ করার সময় একটি পাত কিছুটা সরে যায়। রামজি লাল সেটি ঠিক করার জন্য রোবটের খুব কাছে চলে যান। এ সময় রোবটের হাতের আঘাতে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই রামজি লালকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
কারখানার শ্রমিক ইউনিয়ন এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদে শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ করে দেন। মারুতি উদয়গ কামগড় ইউনিয়নের সাধারণ সম্পাদক কুলদীপ জাংহু বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে এ রকম দুর্ঘটনা হয়েছে। যে জায়গায় রোবটরা কাজ করে সেখানে কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেয়নি।
পুলিশের সহকারী কমিশনার রাজেশ কুমার বলেন, কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
লালের বাড়ি উত্তর প্রদেশের উনাও এলাকায়। এক বছর আগে তাঁর বিয়ে হয়। তাঁর চার বোন রয়েছে।

Tuesday, 11 August 2015

চীনে ভূমিধসে ৪০ জন নিখোঁজ

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের শাংলুও নগরে ভূমিধসে একটি খনি কোম্পানির আবাসিক এলাকা থেকে ৪০ জন নিখোঁজ হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ওই নগরের স্থানীয় সরকারি সূত্র জানায়, ভূমিধসে খনির কর্মীদের থাকার ১৫টি ডরমিটরি (থাকার বড় ঘর) ও তিনটি আবাসিক ভবন মাটিতে দেবে যায়।

হিলারির ই-মেইলের অনুলিপি এফবিআইকে হস্তান্তর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের অনুলিপি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে হস্তান্তর করেছেন হিলারি ক্লিনটন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। খবর এএফপির। 
কিছু গণমাধ্যম বলছে, ব্যক্তিগতভাবে ব্যবহার করা ই-মেইল সার্ভারও হস্তান্তর করতে কর্মচারীদের নির্দেশ দিয়েছেন হিলারি। 
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করার কারণে সমালোচিত হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি।
হিলারির দাবি, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে তিনি কোনো আইন অমান্য করেননি। রাষ্ট্রীয় কোনো গোপন তথ্যও ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে পাঠাননি। 
হিলারির এসব ই-মেইল পর্যালোচনার পর তা প্রকাশ করার কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। 
এমন প্রেক্ষাপটে হিলারি তাঁর দায়িত্ব পালনকালে পাঠানো ও গ্রহণ করা ই-মেইলের অনুলিপি এফবিআইয়ের কাছে হস্তান্তর করলেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক এই ফার্স্ট লেডি। 
হিলারির নির্বাচনী প্রচার-প্রচারণার মুখপাত্র নিক মেরিল সিবিসি নিউজকে বলেন, তিনি আশা করছেন পর্যালোচনা প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাষ্ট্র ও অন্য সংস্থাগুলো যত দ্রুত সম্ভব সবার জন্য প্রকাশের উপযোগী ই-মেইলগুলো বাছাই করে তা সময়মতো স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করুক। 
এই কর্মকর্তার ভাষ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ই-মেইলের অনুলিপি একটি থাম্ব ড্রাইভে করে ইতিমধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে সরবরাহ করেছেন হিলারি। 
হিলারি সার্ভার থেকে গোপন তথ্য গ্রহণ ও প্রেরণ করেছেন কি না, সম্প্রতি তা খতিয়ে দেখা শুরু করেছে এফবিআই। 
হিলারির সার্ভার থেকে পাঠানো চারটি ই-মেইলে গোপন তথ্য ছিল বলে গত মাসে আবিষ্কৃত হয়। এর মধ্যে দুটি ই-মেইলে উচ্চমাত্রায় গোপনীয় তথ্য ছিল বলা হচ্ছে। এর পরই এফবিআইয়ের কাছে ই-মেইলের অনুলিপি হস্তান্তর করলেন হিলারি।

Monday, 10 August 2015

২০২০ সালের মধ্যে উপমহাদেশের দখল নিতে চায় আইএস

শুধু ইরাক বা সিরিয়া নয়, বিশ্বের আরও অনেক দেশ দখল করতে চায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ২০২০ সালের মধ্যেই তারা বিশ্বের একাধিক দেশ দখলের ছক কষতে শুরু করেছে এরই মধ্যে। তাদের এই দখলের তালিকায় আছে ভারতীয় উপমহাদেশেরও। সেই লক্ষ্যে সম্প্রতি জঙ্গিরা একটি মানচিত্রও প্রকাশ করেছে।
মানচিত্র অনুযায়ী, ২০২০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপের কিছু অংশ দখলের পরিকল্পনা করেছে আইএস। পশ্চিমে স্পেন থেকে পূর্বে চীন পর্যন্ত শরিয়তি আইন বলবৎ করার লক্ষ্য নিয়েছে তারা। পাঁচ বছরে মধ্যেই এই বিরাট এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মিশন।
বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু হসকেনের লেখা ‘এম্পায়ার অব ফিয়ার’ বইয়ে এই ম্যাপের কথা উল্লেখ করা হয়েছে। হসকেন বলেন, ‘১৯৯৬ সালে প্রতিষ্ঠার সময়ে ৭টি পদক্ষেপের কথা বলেছিল আইএস নেতৃত্ব। তখনই ২০২০ সালের মধ্যে দুনিয়া দখল করার লক্ষ্য রেখেছিল তারা।’
মানচিত্র অনুযায়ী, ভবিষ্যতে আইএস অধিকৃত স্পেনের এলাকার নাম হবে আনদালুস। পর্তুগাল ও ফ্রান্সের নাম বদল হবে মুরস। পাকিস্তান-ভারত-বাংলাদেশ-নেপালসহ পুরো ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ এলাকা আসবে খুরাসান রাজ্যের মধ্যে।
তাদের এই পরিকল্পনার পালে এখন হাওয়া যোগাচ্ছে পৃথিবী জুড়ে ক্রমে বেড়ে চলা কট্টরপন্থীতার বিষফোঁড়া। অর্থ, নারী, ক্ষমতা আর ধর্মীয় অপব্যাখায় ভুলে অনেক দেশ থেকেই কিছু তরুণ পালিয়ে আশ্রয় নিচ্ছে আইএস এর ঘাঁটি সিরিয়ায়। বর্তমানে জঙ্গি গোষ্ঠীটির সদস্য সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অংশে তেলখনি ও গ্যাসের উৎসস্থল দখলের ফলে কয়েক ‘শ কোটি টাকার সম্পত্তির অধিকারীও তারা

যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরলেও বাংলাদেশ ফেরেনি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে (ইউএসটিআর) ওয়েবসাইটে বাংলাদেশের ক্ষেত্রে এখনও ওই সুবিধা স্থগিত থাকার কথা জানিয়ে শ্রম অধিকার পরিস্থিতি পর্যালোচনার কথা বলা হয়েছে।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) এর আবেদনে ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়।
তার আগে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত।
২০১২ সালে বাংলাদেশের ব্যবসায়ীরা এই সুবিধার আওতায় তিন কোটি ৪৭ লাখ ডলারের তামাক, ক্রীড়া সরঞ্জাম, চিনামাটির তৈজসপত্র ও প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করেন, যাতে তারা শুল্ক ছাড় পান ২০ লাখ ডলারের মতো।
অবশ্য বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ‘তৈরি পোশাক’ ওই রেয়াত পেত না।
বাংলাদেশের জিএসপি স্থগিত হওয়ার মাসখানেকের মাথায় যুক্তরাষ্ট্রের ট্রেড প্রেফারেন্স এক্সটেনশন আইনের মেয়াদ শেষ হয়ে যাওযায় তাদের জিএসপি ব্যবস্থাই স্থগিত হয়ে যায়।
দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেস জিএসপি প্রোগ্রাম নবায়নের প্রস্তাব অনেুমোদন করে এবং প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৯ জুন এ সংক্রান্ত আইনে সই করেন।  
এতে বলা হয়, বন্ধ হওয়ার সময় থেকে অর্থাৎ, ২০১৩ সালের ৩১ জুলাই থেকেই এ সুবিধা কার্যকর বলে ধরা হবে এবং এর মেয়াদ হবে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। 
আগে যে ১২২টি দেশ ও অঞ্চল যুক্তরাষ্ট্রের বাজারে এই শুল্কমুক্ত সুবিধা পেত , এখনও তাদের ক্ষেত্রেই এ সুবিধা প্রযোজ্য। সার্ক জোটের দেশ  ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এই তালিকায় থাকলেও বাংলাদেশকে ফেরানো হয়নি।    
অথচ জিএসপি সুবিধা ফিরে পেতে দুই বছর আগে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল, তার প্রায় সবগুলোই বাংলাদেশ পূরণ করেছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। শর্ত পূরণের অগ্রগতি জানিয়ে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে প্রতিবেদনও পাঠিয়েছে বাংলাদেশ।  
অবশ্য তার আগে যুক্তরাষ্ট্র একাধিকবার বলেছে, শর্ত পূরণে বাংলাদেশ ‘কিছু অগ্রগতি’ দেখালেও তা জিএসপি ফিরে পাওয়ার জন্য ‘যথেষ্ট নয়’।
একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, বাংলাদেশের আড়াই হাজার কোটি ডলারের রপ্তানির মধ্যে প্রায় ২১ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়।

খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসাইন মাসতুগলো। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তুরস্কের রাষ্ট্রদূত সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে গুলশান কার্যালয়ে প্রবেশ করেন এবং রাত ৮ টা ৩০ মিনিটে তিনি সাক্ষাৎ শেষে বের হয়ে যান। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন ‍আহমদ উপস্থিত ছিলেন।

Sunday, 9 August 2015

নিঃশঙ্ক মতপ্রকাশের পরিবেশ দিন: বান কি-মুন


ব্লগার নীলাদ্রির চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ‘যত দ্রুত সম্ভব’ খুনিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।
‘ভয়ঙ্কর’ এই হত্যাকাণ্ডে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়বে কি না, সে আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন।
শুক্রবার দুপুরে ঢাকার গোড়ানে নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে চার খুনি।
চলতি বছর এ নিয়ে মোট চারজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টকে এভাবে খুন হতে হল, যারা ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে লেখালেখিতে যুক্ত ছিলেন।
জাতিসংঘ মহাসচিব শনিবার এক বিবৃতিতে নিলয়সহ সব ব্লগার হত্যার দ্রুত বিচারের আহ্বান জানান, যাতে বাংলাদেশের মানুষ নিঃশঙ্ক চিত্তে তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্য সব মানবাধিকারের চর্চা করতে পরে।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মাইয়েদু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, “ইইউ বিশ্বাস করে, চার ব্লগারের হত্যার পেছনে কারণ একই। আমরা আর এ ধরনের মৃত্যু দেখতে চাই না।”
২৭ বছর বয়সী নিলয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।
চলতি বছর নিহত অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের মতো তিনিও ব্লগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
গত কিছুদিন ধরে হুমকি পাওয়ার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নিলয় আড়াই মাস আগে জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেইসবুকে এক পোস্টে তিনি লিখে গেছেন।

Saturday, 8 August 2015

আজ সিঙ্গাপুরের ৫০ তম জন্মদিন


৯ আগস্ট সিঙ্গাপুরের ৫০তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন-সার্বভৌম সিঙ্গাপুর রাষ্ট্রটির জন্ম হয়েছিল। প্রতি বছর এই দিনটি যৌথ বাহিনীর কুচকাওয়াজ, আতশবাজি আর মন-মুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে আসলেও এবারের জন্মদিন উদযাপন হচ্ছে ভিন্ন আমেজে। গতানুগতিক কর্মসূচির পাশাপাশি বিশেষ কিছু চমক। অর্ধশতক পূর্তি উপলক্ষ্যে গত একমাস ধরে দেশের সকল নাগরিককে তিন থেকে পাঁচ শত ডলার পর্যন্ত নগদ উপহার দিয়েছে সিঙ্গাপুর সরকার। পাশাপাশি উপহার হিসেবে বই, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ট্রেন-বাসের  রুট গুলোতে বিশেষ ছাড় দেওয়া সহ ২০১৫ সালে জন্ম গ্রহণ করা সব শিশুদের জন্য সরকারিভাবে বিশেষ উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পুরো সিঙ্গাপুর জুড়ে শপিং মলগুলো ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ে পণ্য বিক্রির প্রতিযোগিতায় মেতে উঠেছে ।
সরকারি বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সকালে সারাদেশে একযোগে সাইরেন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, সিঙ্গাপুর স্টেডিয়ামে একাধিক ক্রীড়া প্রতিযোগিতা, এফ-১৬ আর এ-৩৮০ বিমানের মনোমুগ্ধকর কসরত, ট্যাঙ্ক ও অন্যান্য সমরাস্ত্রসহ যৌথ বাহিনীর কুচকাওয়াজ এবং সারারাত জুড়ে মেরিন প্যারেড ও সংলগ্ন এলাকাগুলোতে আতশবাজি ও সঙ্গীতানুষ্ঠান । এবারের জন্মদিন উদযাপনের জন্য সিঙ্গাপুরে শুক্রবার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে । তবে, শনি ও রোববার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে শুক্রবার থেকে একনাগাড়ে চারদিন বন্ধ পাচ্ছেন সিঙ্গাপুরের বাসিন্দারা।