Friday, 7 August 2015

এক সপ্তাহ পরও আরাফাত উদ্ধার হয়নি

শেরপুরে অপহরণের এক সপ্তাহ পরও স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতকে (৮) উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
আরাফাতকে দ্রুত উদ্ধার করার দাবিতে গতকাল শুক্রবার শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় এক সভা হয়। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ এই সভার আয়োজন করে।
আরাফাত শেরপুর জেলা শহরের গৃদানারায়ণপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে ও বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া বলেন, পুলিশ শেরপুর ও জামালপুর জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরাফাতকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছে। সেই সঙ্গে মামলার প্রধান আসামি আসলামকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। আসলামকে গ্রেপ্তার করা সম্ভব হলে অপহৃত আরাফাতের অবস্থান বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারবে।
২ আগস্ট বিকেলে আরাফাতকে শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ হিসেবে তার বাবার কাছে দুই লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ৪ আগস্ট শহিদুল শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এঁরা হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের আব্দুল লতিফ, রবিন এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের ইমরান। এঁদের মধ্যে লতিফ অপহৃত আরাফাতের খালু।

Share this

0 Comment to "এক সপ্তাহ পরও আরাফাত উদ্ধার হয়নি"

Post a Comment