Friday, 7 August 2015

পারল না জিম্বাবুয়ে

২০০১ সালের পুনরাবৃত্তি হলো না। জিম্বাবুয়ে পারল না সিরিজ জিততে। ১৪ বছর আগে অকল্যান্ডে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। ৮ বল হাতে রেখে ১ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল জিম্বাবুয়ে। স্নায়ুক্ষয়ী সেই জয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বার ওয়ানডে সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে।
কাল হারারেতে আরেকটি সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ে পেল ঠিক ২৭৪ রানের লক্ষ্যই। এবার আর পেরে ওঠেনি জিম্বাবুইয়ানরা। ২৩৫ রানে অলআউট হয়ে ৩৮ রানের হার। প্রথম ম্যাচ হেরে গেলেও তিন ম্যাচের সিরিজটা নিউজিল্যান্ড জিতল ২-১-এ।
জয়ের নায়ক কেন উইলিয়ামসন। টানা দুই শূন্যে ওয়ানডে ক্যারিয়ার শুরু করা কিউই অধিনায়ক অবশ্য কালও পুড়েছেন সেঞ্চুরি হারানোর যন্ত্রণায়। প্রথম ম্যাচে ৯৭ রানে আউট, দ্বিতীয় ম্যাচে ব্যাট না করা উইলিয়ামসন কাল ফিরলেন ৯০ রানে। টানা ছয় ইনিংসে ফিফটি। অ্যান্ড্রু জোন্সের টানা ফিফটির কিউই রেকর্ড ছোঁয়ার পরও আক্ষেপ না থেকে পারে না উইলিয়ামসনের। এই ছয় ইনিংসে চারবারই যে নব্বইয়ের ঘরে আউট! ২০১৫ সালে পাঁচবার নব্বইয়ের ঘরে আউট হওয়া উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ডের ইনিংসে বলার মতো আর কোনো ইনিংস নেই।
জিম্বাবুয়ের শুরুটা ভালোই ছিল। হ্যামিল্টন মাসাকাদজা-চামু চিবাবার উদ্বোধনী জুটিতে আসে ৯৭ রান। ১০৫ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মাসাকাদজার (৫৭) বিদায়ের পর উইকেট পড়েছে নিয়মিতই।
আগামীকাল সিরিজের একমাত্র টি-টোয়েন্টি হারারেতেই। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭৩/৬ (উইলিয়ামসন ৯০, গাপটিল ৪২, নিশাম ৩৭*, এলিয়ট ৩৬, নাথান ম্যাককালাম ২৫*; ক্রেমার ৩/৪৪, নিয়ুম্বু ২/৫২)। জিম্বাবুয়ে: ৪৭.৪ ওভারে (উইলিয়ামস ৬৩, মাসাকাদজা ৫৭, চিবাবা ৩২, আরভিন ৩২; ম্যাকলেনাহান ৩/৩৬, সোধি ২/৪৭)।
ফল: নিউজিল্যান্ড ৩৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: কেন উইলিয়ামসন।

Share this

0 Comment to "পারল না জিম্বাবুয়ে"

Post a Comment